ফলাফল বিপর্যয়ের কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান ও একাডেমিক স্বীকৃতি স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরিন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. সামছুল ইসলাম জানান, যে সব প্রতিষ্ঠানগুলো পরিচালনার শর্ত পূরণ করতে পারেননি এবং ফলাফল বিপর্যয় হয়েছে তাদের কার্যক্রম স্থগিত রাখতে বলা হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক ইস্যুকৃত চিঠি থেকে জানা গেছে, এইচএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফলের যেসব শিক্ষা প্রতিষ্ঠানের পাশের হার শূন্য থেকে পাঁচ শতাংশ এর মধ্যে সীমাবদ্ধ রয়েছে সে সকল প্রতিষ্ঠানের ফলাফল সন্তোষজনক নয় মর্মে প্রতিয়মান হয়। এর প্রেক্ষিতে গত জানুয়ারি মাসের ৭ তারিখে কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরীক্ষা কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী ১৩ টি প্রতিষ্ঠানকে একাদশ শ্রেণি থেকে পাঠদান ও একাডেমিক স্বীকৃতি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়।
প্রতিষ্ঠানগুলো হল, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজ, বিজয়নগরের নিদারাবাদ ইউনিয়ন স্কুল এন্ড কলেজ, চানপুর আদর্শ হাই স্কুল এন্ড কলেজ, লক্ষীপুরের কমলনগরের তোরাবগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ, তোহা স্মৃতি গার্লস হাই স্কুল এন্ড কলেজ, সেবা গ্রাম ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ, লক্ষ্মীপুর সদরের কেমব্রিজ সিটি কলেজ, কুমিল্লা ব্রাহ্মণপাড়ার ষাইটশালা আদর্শ হাই স্কুল এন্ড কলেজ, লালমাইয়ের সুরুজ মেমোরিয়াল উচ্চবিদ্যালয় এন্ড কলেজ, চৌদ্দগ্রামের চৌদ্দগ্রাম মডেল কলেজ, দাউদকান্দির অজরা এস ই এস ডিপি মডেল স্কুল এন্ড কলেজ, চাঁদপুরের মতলব উত্তরের জিবগাও জেনারেল হক হাই স্কুল এন্ড কলেজ, শরিফুল্লা হাইস্কুল এন্ড কলেজ।
কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ নুরুন্নবী আলম বলেন, এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সাময়িকভাবে এ নির্দেশনা দেয়া হয়েছে। তারা শর্ত পূরণ করে আবারো একাডেমিক কার্যক্রমে ফিরতে পারবে।
তিনি জানান, যেসব প্রতিষ্ঠান গুলো প্রতিনিয়ত একাদশ শ্রেণিতে খারাপ ফলাফল করে আসছিল এবং তাদেরকে বারবার সতর্ক করার পরও মান উন্নয়নের ব্যবস্থা নেয়নি তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে। যারা খারাপ করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

