খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর রাতের টহলদলের অভিযানে একটি সাবমেশিনগান (এসএমজি), ১০০ রাউন্ড গুলি ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র ও গোলাবারুদ বহনকারী সন্দেহভাজন একটি সশস্ত্র দলের ১০ থেকে ১২ জন সদস্যকে ধাওয়া করেও আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে উপজেলার কচুছড়িমুখ পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মো. এমদাদুল হকের নেতৃত্বে বিজিবির একটি নিয়মিত টহলদল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে টহলদলটি কচুছড়িমুখ পাড়া এলাকায় পৌঁছালে সীমান্তবর্তী পাহাড় থেকে কাঁধে ব্যাগ নিয়ে ১০ থেকে ১২ জনকে সীমান্ত সড়কে নেমে আসতে দেখে।
এ সময় বিজিবি সদস্যরা তাদের থামতে বলে চ্যালেঞ্জ করলে সন্দেহভাজন ব্যক্তিরা পালানোর চেষ্টা করে। পরে টহলদল তাঁদের ধাওয়া করলে তাঁরা পাশের ঘন পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭ দশমিক ৬২ মিলিমিটার সাবমেশিনগান (এসএমজি), ১০০ রাউন্ড গুলি এবং দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ বিষয়ে পানছড়ি থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও গোলাবারুদ পাচার এবং চোরাচালান প্রতিরোধে দুর্গম পাহাড়ি এলাকায় নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

