চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে জান্নাত এগ্রো ফার্মের সামনে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কক্সবাজার পৌর এলাকা-এর মৃত আলম মিস্ত্রির ছেলে জাহেদুল ইসলাম (২৫) এবং একই জেলার কলাতলী এলাকার বাসিন্দা ডা. বোরহান উদ্দিনের ছেলে ইউনূছ (২৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়, যা মাদক পরিবহনে ব্যবহৃত হচ্ছিল।
এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ সাইফুল্লাহ্ জানান, আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের মতে, এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকলে পরিস্থিতির উন্নতি হবে।
এইচআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

