সুনামগঞ্জে সড়কে ঝরলো দুই প্রাণ

সুনামগঞ্জে সড়কে ঝরলো দুই প্রাণ

উরস মাহফিল থেকে ফেরার পথে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ আহসানমারা সেতু এলাকায় বাসের সঙ্গে সংঘর্ষে দুই সিএনজিযাত্রী নিহত হয়েছে। এছাড়াও চালকসহ গুরুতর আহত হয়েছেন তিন যাত্রী। নিহতরা হলেন সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দুর্লভপুরের ফিরোজ আলীর ছেলে আলী নূর (৩৫) ও একই গ্রামের মৃত গোলাব হোসেনের ছেলে জমির হোসেন (৩৩)।

বিজ্ঞাপন

জানা যায়, সিলেটের বিশ্বনাথ এলাকার ইশবপুর সাহেববাড়ী উরস মাহফিল থেকে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ৫ যুবক। সিলেট-সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জ আহসানমারা সেতু এলাকায় সিএনজির সঙ্গে সুনামগঞ্জ থেকে আসা যাত্রীবাহী বাসের (ঢাকা-ব ১১৮৬৬২) মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় সিএনজির চালকসহ ৪ যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে আলীনূর ও জমির হোসেন মারা যায়। গুরুতর আহত তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে রেফার করেন ডাক্তাররা।

আহতরা হলেন একই গ্রামের আলী আকবর (৩০) আমীর আলী (৪০) ও জনি আহমদ (২২)।

নিহত জমির হোসেনের ভাই তারিফ আলী বলেন, আমার ভাইসহ পাঁচজন বিশ্বনাথের ইসবপুর সাহেববাড়ি উরস থেকে বাড়ি ফিরছিলেন। আহসানমারা এলাকায় বাসের ধাক্কায় সবাই আহত হয়। হাসপাতালে আনার পর আমার ভাই ও আরেক প্রতিবেশী মারা গেছেন। আমরা ঘাতক বাসচালকের শাস্তি চাই।

এ দুর্ঘটনায় আইনি পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন জয়কলস হাইওয়ে থানার ওসি আব্দুর রশীদ সরকার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন