ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা ভোজনবাড়ি রেস্টুরেন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আটজন।
নিহতরা হলেন—কুমিল্লার তিতাস উপজেলার দুখিয়ার কান্দি এলাকার মো. জাহাঙ্গীর আলম (৪০) এবং কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর এলাকার রাকিব হোসেন (১৮)।
জানা যায়, চট্টগ্রাম থেকে আসা গ্যাসবোঝাই একটি ট্রাকের চাকা পাংচার হলে মহাসড়কের পাশে তা পরিবর্তনের কাজ করছিলেন চালক ও হেলপার। এ সময় ঢাকামুখী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। খবর পেয়ে স্থানীয়রা চালক-হেলপারসহ ১০ জনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
এ ঘটনায় আহতদের মধ্যে আবদুর শুক্কুর (৫২), বেলাল হোসেন (৩৭), আরিফুল ইসলাম (৩২), আরিফ (২০) ও মো. রাসেলকে (৩২) গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া কক্সবাজারের কুতুবদিয়ার মো. মিজান (৩৫) এবং নোয়াখালীর সোনাপুর এলাকার সাগর (২২) ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত জুয়েল (১৬) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. মোশাররফ হোসেন তালুকদার বলেন, আহত অন্তত ১০ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন হাসপাতালে আনার আগে এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। আহত অনেকের হাত-পা ও মাথায় গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং একজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ফাজিলপুর হাইওয়ে থানার পুলিশের উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ড ভ্যান পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

