আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নিরপরাধ আ. লীগ নেতা-কর্মীদের প্রতি উদার হতে হবে: আলাল

জেলা প্রতিনিধি, কুমিল্লা

নিরপরাধ আ. লীগ নেতা-কর্মীদের প্রতি উদার হতে হবে: আলাল

নিরপরাধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি উদার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

রোববার বিকেলে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালির বাজার পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “আওয়ামী লীগের মধ্যেও ভালো মানুষ রয়েছে। একটি দলের সবাই খারাপ হতে পারে না। বাংলাদেশে থাকার অধিকার সবার রয়েছে। তাই নিরপরাধ মানুষদের প্রতি আগ্রাসী হওয়া যাবে না।”

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে কুমিল্লা-৬ আসনের বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী তার নির্বাচনি ইশতেহারে আইটি ভিলেজ স্থাপনের কথা উল্লেখ করেছেন, যা অত্যন্ত আশাব্যঞ্জক।

তিনি আরও বলেন, মনিরুল হক চৌধুরীর পরিকল্পনায় কোনো বৈষম্য নেই। মুসলমানদের কবরস্থানের উন্নয়নের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের জন্য উন্নত শ্মশান, খ্রিস্টানদের চার্চ উন্নয়ন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ত্রিপুরা সম্প্রদায় সংরক্ষণের বিষয়ও তার পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে।

জামায়াতের আমিরের উদ্দেশে তিনি বলেন, “গণমাধ্যমে দেখেছি তিনি তারেক রহমানকে নির্বাচনি বিতর্কে আসার আহ্বান জানিয়েছেন। আমি বলবো, আগে আমাদের জাইমা রহমানের সঙ্গে বিতর্ক করে দেখান, তারপর বাকিটা দেখা যাবে।”

নির্বাচনের দিন পোলিং এজেন্টদের দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নারী ভোটারদের মুখমণ্ডল প্রদর্শন করতে হবে। ধর্মের দোহাই দিয়ে যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে—সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, “বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। ২০১৬ সালের বিএনপির জাতীয় কাউন্সিলে তিনি যে স্লোগান দিয়েছিলেন—‘এমন মানুষ, নানান মত, দেশ বাঁচাতে ঐক্যমত’—বিএনপি আজও সেই ধারায় অটল রয়েছে। এই ধারার অন্যতম সৈনিক হচ্ছেন মনিরুল হক চৌধুরী।”

সমাবেশে কুমিল্লা কোটবাড়ি, কালির বাজার ও লালমাই পাহাড় অঞ্চলকে ঘিরে মনিরুল হক চৌধুরীর প্রস্তাবিত আক্তার হামিদ খান স্যাটেলাইট সিটি ধারণাপত্র উপস্থাপন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ড. এম এম শরিফুল করিম। এ সময় অডিও-ভিজ্যুয়াল মাধ্যমে স্যাটেলাইট সিটির প্রস্তাবনা প্রদর্শন করা হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনের বিএনপি প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মো. মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, জাতীয়তাবাদী শ্রমিক দল কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক হাজী মো. তাজুল ইসলাম, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার, কালির বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন