লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে চাচা কামাল হোসেনের হামলায় ভাতিজা সানোয়ার হোসেন (২৯) নিহত হয়েছে। নিহত সানোয়ার হোসেন ১নং কাঞ্চনপুর ইউনিয়নের ৪নং ব্রহ্মপাড়া ওয়ার্ডের জামায়াতের আমির ছিলেন।
এ ঘটনায় সানোয়ারের মা হাসিনা বেগম (৫৫) ও ছোট ভাই আরিফ হোসেন (১৯) মারাত্মক আহত হয়।সানোয়ার হোসেন এক ছেলে সন্তানের জনক ও ব্রহ্মপাড়া গ্রামের করাতিবাড়ির মৃত হুমায়ুন কবিরের ছেলে।
পুলিশ এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় রাকিব হোসেন (২৫) ও রাহাত হোসেনকে (২২) আটক করেছে।
সানোয়ার হোসেনের স্ত্রী আরজিনা আক্তার তন্বী জানান, চাচা কামাল হোসেনের সাথে ভাতিজা সানোয়ার হোসেনের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। শনিবার দুপুর ১২টার দিকে তার স্বামী সানোয়ার হোসেন বাড়ির পুকুরের ঘাটলায় যান। কিছুক্ষণ পর চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন তার স্বামী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। এ সময় চাচা কামাল হোসেন, তার ছেলে রাকিব ও রাহাত সানোয়ারের মা হাসিনা বেগম ও ভাই আরিফ হোসেনকে পিটিয়ে আহত করে।
হাসপাতালে আহত সানোয়ার হোসেনের মা হাসিনা বেগম জানান, কথায় কথায় আমার দেবর কামাল হোসেন ও তার সন্তানরা আমাদের পরিবারের ওপর হামলা ও মারধর করতো। আজ আমাদের সামনে প্রকাশ্যে শাবল দিয়ে আমার ছেলে সানোয়ারের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা জামাতের আমির মোহাম্মদ নাজমুল হাসান পাটোয়ারী জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে চাচা কামাল হোসেন কাঞ্চনপুর ইউনিয়নের ৪নং ব্রহ্মপাড়া ওয়ার্ডের আমির মো. সানোয়ার হোসেনকে পিটিয়ে হত্যা করে। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল বারী জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

