মাদকের বিরুদ্ধে সীতাকুণ্ডে ফুটবল আন্দোলন

মাদকের বিরুদ্ধে সীতাকুণ্ডে ফুটবল আন্দোলন
ছবি: আমার দেশ

মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে এবার ফুটবলকে হাতিয়ার করেছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। তরুণ ও যুবকদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক থেকে দূরে রাখার লক্ষ্য নিয়ে উপজেলার প্রতিটি ইউনিয়নে ধারাবাহিক প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও পৌরসভা একাদশের ম্যাচের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন হয়।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা প্রশাসন একাদশের হয়ে খেলায় অংশ নেন। অন্যদিকে পৌর এলাকার বাসিন্দাদের নিয়ে গঠিত পৌরসভা একাদশ মাঠে নামে।

স্থানীয় ক্রীড়াপ্রেমী, অভিভাবকসহ বিভিন্ন বয়সি মানুষ ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত ছিলেন।

ইউএনও মো. ফখরুল ইসলাম বলেন, যুব সমাজকে মাঠমুখী করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। প্রতি শুক্রবার উপজেলা প্রশাসন বনাম সংশ্লিষ্ট ইউনিয়নের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রশাসনের দল ও সংশ্লিষ্ট ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে প্রীতি ম্যাচ আয়োজন করা হবে। তরুণদের ক্রীড়াচর্চায় যুক্ত করার পাশাপাশি মাঠকেন্দ্রিক সামাজিক কর্মকাণ্ড বাড়ানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

খেলা শেষে স্থানীয় বাসিন্দাদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। এতে মাদকবিরোধী সচেতনতার পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তাও দেওয়া হয়।

স্থানীয় কয়েকজন ক্রীড়াপ্রেমী বলেন, এ ধরনের উদ্যোগের সুফল পেতে নিয়মিত ম্যাচ আয়োজনের পাশাপাশি স্থানীয় খেলার মাঠগুলো সংরক্ষণ ও খেলাধুলার উপযোগী রাখা প্রয়োজন।

প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে তরুণদের ক্রীড়ামুখী করার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত সচেতনতা কতটা বাড়ানো যায়, তা নির্ভর করবে কর্মসূচিটির ধারাবাহিক বাস্তবায়নের ওপর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন