চাটখিলে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

চাটখিলে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
ভুক্তভোগী এস কে সৌরভ

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই বাজারে এসএ টিভির সাবেক সিনিয়র রিপোর্টার এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে দেলিয়াই বাজারের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী এস কে সৌরভ বর্তমানে ঢাকার একটি অনলাইন নিউজ পোর্টালে কর্মরত। তার ভাগিনা মেহেদী হাসান আবেদ একজন ওমানপ্রবাসী।

বিজ্ঞাপন

এস কে সৌরভ জানান, মঙ্গলবার রাতে দেলিয়াই বাজারের রাস্তা দিয়ে হাঁটার সময় তার ভাগিনার গায়ে একটি চলন্ত মোটরসাইকেল লেগে যায়। এ নিয়ে মোটরসাইকেল চালক ও মেহেদী হাসানের কথা-কাটাকাটি হয়। পরে তিনি ও স্থানীয় কয়েকজন এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

ঘটনার সমাধানের আশ্বাস দিয়ে তিনি মোটরসাইকেল চালককে শান্ত করার চেষ্টা করেন কিন্তু ওই ব্যক্তি তার ওপরও চড়াও হন এবং তাকে ধাক্কা দেন। এ সময় তিনি নিজেকে প্রভাবশালী দাবি করে তার ভাগিনাকে হত্যার হুমকি দেন। কিছুক্ষণ পর মোটরসাইকেল চালক ফোন করে তার সহযোগীদের বাজারে আসতে বলেন। অল্প সময়ের মধ্যে কয়েকজন লাঠিসোঁটা নিয়ে বাজারে এসে মেহেদী হাসানকে খুঁজতে থাকেন। তাকে না পেয়ে বাড়ি ফেরার পথে এস কে সৌরভের পথরোধ করে অপরিচিত ১৫-২০ জন কিশোর ও যুবক। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা তার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন।

সৌরভের ভাষ্য, পরিস্থিতি শান্ত করতে এবং আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আশ্বাস দিলেও হামলাকারীরা তাকে মারধর করতে করতে বাজারের দিকে নিয়ে যায়। পরে তার চাচাতো ভাই আবির তাকে নিজের দোকানের ভেতরে নিয়ে বসিয়ে রাখেন। হামলাকারীরা আবারও তার ওপর হামলার চেষ্টা চালায়। পরবর্তীতে পরিবারের সদস্য, পরিচিতজন ও স্থানীয় কয়েকজনের সহায়তায় তিনি তাদের হাত থেকে উদ্ধার পান।

ঘটনার পর তিনি এলাকার একটি ফার্মেসিতে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।

বুধবার এস কে সৌরভ চাটখিল থানায় গিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে লিখিত অভিযোগ করেছেন। সৌরভ বলেন, হামলাকারীদের অধিকাংশের বয়স ২০ বছরের তাদের মধ্যে কিশোর গ্যাংয়ের সদস্যও রয়েছে। মাত্র দুই দিন আগে সাংবাদিক গোলজার হোসেন সৈকতের ওপর কিশোর গ্যাং হামলা চালিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেয়। কিশোর গ্যাংয়ের অত্যাচারে আমরা অতিষ্ঠ।

এ ব্যাপারে চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন