সিলেট নগরের নিরাপত্তার দায়িত্বে এসে পুলিশের পোশাক পরে পূজামণ্ডপে গান গেয়ে সেই সহকারী উপপরিদর্শক (এএসআই) উদয়ন ফারুককে প্রত্যাহার করা হয়েছে। তাকে জালালাবাদ থানা থেকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য থানার সহকারী কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) রাতে নগরের ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এএসআই উদয়ন ফারুক। এ সময় পূজা উদ্যাপন পরিষদের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশের ইউনিফর্ম পরেই মঞ্চে উঠে গান পরিবেশন করেন তিনি।
এএসআই ফারুকের গান পরিবেশনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ভিডিওতে তাকে পুলিশের পোশাক পরে মঞ্চে দাঁড়িয়ে জনপ্রিয় সংগীতশিল্পী জেমসের ‘ওরে ওরে হাওয়ারে’ গানটি পরিবেশন করতে দেখা যায়। ভিডিওটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে তার বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. সাইফুল ইসলাম বলেন, ওই পুলিশ সদস্য পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। সরকারি দায়িত্ব পালনকালে অন্য কাজে জড়িয়ে পড়া দায়িত্বে অবহেলার শামিল।
তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। পরে এএসআই উদয়ন ফারুককে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য এসএমপির জালালাবাদ থানার সহকারী কমিশনারকে (এসি) দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

