কক্সবাজারের ঈদগাঁও পুলিশ ৮০০ পিস ইয়াবাসহ জসিম উদ্দিন (৪৫) নামে সৌদিয়া পরিবহনের চালককে আটক করেছে।
শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে থানা-সংলগ্ন ফকিরা বাজার মহাসড়কে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী যাত্রীবাহী সৌদিয়া পরিবহনে ইয়াবা পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানার পুলিশের একটি বিশেষ দল মহাসড়কের ওই স্থানে তল্লাশিচৌকি বসায়। সন্দেহভাজন বাসটি সেখানে পৌঁছালে তল্লাশি চালিয়ে সৌদিয়া পরিবহনের চালকের উরুতে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে বেঁধে রাখা চারটি বায়ুরোধক জিপার প্যাকেট উদ্ধার করা হয়। পরে এসব প্যাকেটের ভেতর থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং চালককে গ্রেপ্তার করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইয়াবাসহ গ্রেপ্তারকৃত চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।’
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

