সাগরে ভাসছিল ফিশিং বোট ও ১৩ জেলে, জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

সাগরে ভাসছিল ফিশিং বোট ও ১৩ জেলে, জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। তাদের উদ্ধার করে উপকূলে নিয়ে আসা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার ‘এফভি রিফাত’ নামের একটি ফিশিং বোট ১৩ জন জেলে নিয়ে কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ থেকে মাছ ধরতে সমুদ্রে যাত্রা করে। পরে সোমবার বিকেল ৪টার দিকে মাছ শিকার শেষে পোতাশ্রয়ে ফেরার পথে বোটটির ইঞ্জিন বিকল হয়ে সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ভাসতে থাকে। ওই সময় বোটে থাকা এক জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্ট গার্ডের নজরে আসে।

কোস্ট গার্ড জানায়, তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই গভীর সমুদ্রে টহলে থাকা জাহাজ ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ উদ্ধার অভিযান শুরু করেন। জাহাজটি সেন্টমার্টিন থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে বিকল হওয়া বোটসহ ১৩ জন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরো জানান, উদ্ধার করা জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়েছে। এছাড়া বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন