ফরিদপুরের বোয়ালমারীতে নিখোঁজের দুই দিন পর তৌহিদ মিয়া নামে এক যুবকের লাশ পাটক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়ায় এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভাটপাড়া গ্রামের একটি পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তৌহিদ মিয়া উপজেলার ভাটপাড়া গ্রামের আব্দুল কাইয়ুম মিয়ার ছেলে। তিনি একটি জাহাজে চাকরি করতেন। ঈদুল আজহার ছুটি উপলক্ষে কয়েক দিন আগে বাড়িতে এসেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি তৌহিদ। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। একপর্যায়ে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
বুধবার সকালে স্থানীয় কয়েকজন কৃষক পাটক্ষেতে কাজ করতে গিয়ে লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দেন।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

