গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল গেটের ভেতরে ও বাইরে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।
তিনি জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনের সড়কে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। একটি ককটেল গেটের বাইরে গাছে লেগে, অপরটি বিশ্ববিদ্যালয়ের ভেতরে বিস্ফোরিত হয়। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেন, ‘৮ অক্টোবর সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। যেখানে অতিথি হিসেবে গোপালগঞ্জের তিনটি আসনের সংসদ সদস্যদের উপস্থিত থাকার কথা ছিল। কোনো দুষ্কৃতকারী মহল পরিকল্পিতভাবে এই অনুষ্ঠানের ঠিক আগে ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এমন ঘৃণিত ও সন্ত্রাসীমূলক কার্যক্রম চালিয়েছে।’ তিনি ককটেল হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি অভিযান পরিচালনা করা হচ্ছে।’
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

