সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে হামলায় আহত শিক্ষার্থীর মৃত্যু

সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে হামলায় আহত শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরে ফ্যাসিবাদী সরকারের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত শিক্ষার্থী কাশেম খান মৃত্যুর সাথে যুদ্ধ করতে করতে অবশেষে হেরে গেলেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় সদস্য কাশেম খান (২০) বুধবার বিকেল ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কাশেম খান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ১৬ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন।

বিজ্ঞাপন

গত ৭ ফেব্রুয়ারি রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে কে বা কারা লুটপাট করছে এমন খবর দেওয়া হয় বৈষম্যবিরোধী ছাত্রদের। খবর পেয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী লুটতরাজ ঠেকানোর জন্য মোজাম্মেল হকের বাড়িতে যান। এসময় তাদের আটক করে মাইক দিয়ে ডাকাত পড়েছে এমন খবর ছড়ানো হয়। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা আটক করা বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর নির্মম হামলা চালায়। রামদাসহ বিভিন্ন অস্ত্র দিয়ে কুপিয়ে ২০ জনকে গুরুতর জখম করে। এ ঘটনায় কাশেম খান সিয়ামসহ গুরুতর আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গাজীপুরের ঘটনা গুরুত আহত অবস্থায় কাশেমকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থা অবনতি হলে পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আইসিইউতে ভর্তি রাখেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা ৩টার দিকে তিনি মারা গেছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত কাসেমের বাড়ি গাজীপুর জেলার গাছা থানার ভোটবাজার দক্ষিণ কলমেশ্বর এলাকায়। তিনি ওই এলাকার মৃত হাজী জামালের ছেলে। মা-বাবার অবর্তমানে কাশেম সৎ মা এবং ফুফুর কাছে মানুষ হয়েছে। ফুপু স্থানীয় বিএনপি নেত্রী নাসিমা আক্তার দাবি করেছেন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যেন ফ্যাসিবাদী সন্ত্রাসীদের হাতে আর কোন সন্তানের প্রাণ না ঝরে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন