বৃষ্টির অজুহাতে সবজির দাম চড়া, নিম্ন আয়ের মানুষ দিশাহারা

বৃষ্টির অজুহাতে সবজির দাম চড়া, নিম্ন আয়ের মানুষ দিশাহারা
ছবি: সংগৃহীত

সারা দেশে ক্রমাগত বর্ষণে সবজিক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় বাজারে সবজির সংকট দেখা দিয়েছে। এতে বেড়েছে সবজির দাম। চড়া দামে সবজি কিনতে গিয়ে দিশাহারা হয়ে পড়েন নিম্ন আয়ের মানুষ ।

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের লোহাগাড়ায় সবজির চড়া দামে নাভিশ্বাস উঠেছে নিম্ন আয়ের মানুষের। এতে ক্রেতারা দিশাহারা হয়ে পড়েছেন । জানা গেছে, সাম্প্রতিক টানা প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার প্রভাবে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার কৃষকদের বিস্তীর্ণ সবজিক্ষেত তলিয়ে যাওয়ায় স্থানীয় বাজারে দেখা দিয়েছে সবজির সংকট। এর প্রভাবে অস্বাভাবিকভাবে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। উপজেলার আমিরাবাদ বটতলী কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি ঝিঙে বিক্রি হচ্ছে ১০০ টাকায়, বেগুন ১২০, চিচিঙ্গা ৮০ থেকে ১০০, শসা ১৩০, পটোল ৮০, টমেটো ১২০, কাঁকরোল ৮০ এবং কাঁচামরিচ প্রায় ২০০ টাকা দরে। অথচ বন্যার আগে এসব সবজি ৩০ থেকে ৪০ টাকার মধ্যেই পাওয়া যেত। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে অনেক সবজির দাম দ্বিগুণ থেকে তিন গুণ পর্যন্ত বেড়েছে। সম্প্রতি টানা ১০ দিনের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন নিম্নাঞ্চলের সবজিক্ষেত প্লাবিত হয়। এতে কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে। বন্যায় কৃষিজমি, সবজিরক্ষেত, মাছের খামার ও গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি হয়।

বিজ্ঞাপন

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সম্প্রতি বন্যায় উপজেলার ৯ হাজার ৪০০ কৃষকের ১৫০ হেক্টর শস্যক্ষেত, ৫ হেক্টর পান ও ৩৬০ হেক্টর আউশ, আমনের বীজতলায় বন্যার পানি ঢুকে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ কোটি ১৪ লাখ ১০ হাজার ৫০০ টাকা। বন্যায় স্থানীয় সবজিক্ষেত তলিয়ে সবজির উৎপাদন হ্রাস পাওয়ায়, প্রতিদিন বাড়ছে সবজির দাম। উপজেলার সবজির চাহিদা মেটাতে দক্ষিণ চট্টগ্রামের ফটিকছড়ি, ফেনী, চট্টগ্রামসহ বিভিন্ন উপজেলা থেকে পরিবহনে করে সবজি আন দাম বাড়ার আরেকটি কারণ বলে জানিয়েছেন বিক্রেতারা। কৃষক জসিম উদ্দীন বলেন, বন্যার পানিতে আমার ৫ লাখ টাকার সবজিক্ষেত ডুবে যায়। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে সব চারা নষ্ট হয়ে গেছে। এখন কীভাবে ঋণের বোঝা টানব, সেই চিন্তায় আছি। ক্রেতা সালাহ উদ্দীন চৌধুরী বলেন, যেভাবে সবজির দাম বেড়েই চলেছে, তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এতে নিম্ন আয়ের মানুষ সবজি খেতে পারবে বলে মনে হয় না। উপজেলা কৃষি কর্মকর্তা কাজী সফিউল আলম বলেন, বন্যায় উপজেলার বিভিন্ন এলাকার সবজিরক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহ সংকট তৈরি হয়েছে, যার কারণে সবজির দাম বেড়েছে। কৃষকদের পুনর্বাসন এবং দ্রুত উৎপাদনে ফিরিয়ে আনতে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে।

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি জানান, কয়েক দিনের বৃষ্টির অজুহাত দেখিয়ে শিবালয়ের সব বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃষ্টির কারণে বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। এর মধ্যে বেগুনের দাম সবচেয়ে বেশি রেড়েছে। বাজারে লম্বা বেগুন ৮০-৯০ টাকায় বিক্রি হলেও গোল বেগুন বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকায়। বাকি সবজিও ৭০ থেকে ১০০ টাকার ঘরে। এছাড়া কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি দরে। মান ও জাতভেদে বাজারে কাঁচামরিচের দাম ওঠানামা করছে।

শুক্র ও শনিবার উপজেলার বিভিন্ন বাজারে সবজির দামের এমন চিত্র দেখা গেছে। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে সবজিক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই দাম বাড়তি। আরো কিছুদিন সবজির এমন বাড়তি দাম থাকবে বলে তারা জানিয়েছেন। বাজারে প্রতি কেজি ঢ্যাঁড়শ বিক্রি হচ্ছে ৭০ টাকায়, কাঁকরোল ৯০, মিষ্টিকুমড়া ৬০, পেঁপে ৪০, লাউ প্রতি পিস ৮০, পটোল প্রতি কেজি ৮০ এবং টমেটো প্রতি কেজি ১৩০ টাকায়।

এছাড়া লম্বা বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়, গোল বেগুন ১০০ থেকে ১২০ টাকা, শসা ৯০, কচুর লতি ৬০ থেকে ৮০, ধুন্দল ৮০-৯০, বরবটি ৮০ থেকে ১০০ এবং কাঁচামরিচ জাত ও মানভেদে প্রতি কেজি ৩৭০ থেকে ৪০০ টাকায়।

শুক্রবার বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী আফজাল হোসেন বলেন, গত চার-পাঁচ দিন ধরে সবজির দাম অতিরিক্ত যাচ্ছে।

বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ কম। কারণ বৃষ্টিতে সবজিক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজারে এখন বলতে গেলে কিছু সবজি ১০০ টাকার নিচে, বাকি সব ১০০ টাকার ওপরে। এত বেশি দামে সাধারণ মানুষের সবজি কিনে খাওয়া কঠিন।

সবজির দাম বাড়ার বিষয়ে শিবালয় বাজারের সবজিবিক্রেতা জাহাঙ্গীর বলেন, কিছুদিন ধরে সবজির দাম বাড়তি যাচ্ছে। মূলত বৃষ্টির কারণে সবজিক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে, কাঁচামরিচের গাছ নষ্ট হয়ে গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন