মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতার ওপর হামলার অভিযোগ

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতার ওপর হামলার অভিযোগ
হামলায় গুরুতর আহত যুবদল নেতা মামুন ভূইয়া

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মামুন ভূইয়া (৩৫) নামে এক যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

শুক্রবার রাত আনুমানিক সোয়া ৯টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত মামুন ভূইয়া ছয়সূতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। তিনি উত্তর কান্দিগ্রামের মৃত আব্দুর রউফের ছেলে।

হামলায় গুরুতর আহত মামুন ভূইয়াকে স্থানীয়রা উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও আহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মামুন ভূইয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন। এর জেরে শুক্রবার দিনের বেলায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।

পরে রাত আনুমানিক সোয়া ৯টার দিকে বৃষ্টির মধ্যে বাসস্ট্যান্ড থেকে বাড়ি ফেরার পথে একটি চায়ের দোকানের পাশে তিনি হামলার শিকার হন বলে অভিযোগ করেন মামুন ভূইয়া।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মামুন ভূইয়া অভিযোগ করে বলেন, দক্ষিণ কান্দিগ্রামের মাদক কারবারি ফরিদের ছেলে জাহাঙ্গীরের নেতৃত্বে ১০ থেকে ১২ জন তাকে তিন দিক থেকে ঘিরে ফেলেন। এ সময় জাহাঙ্গীরসহ একই এলাকার অহিদের ছেলে অন্তর, নিখিল মিয়ার ছেলে নিরব ও আক্কাস মিয়ার ছেলে আজিম তার ওপর হামলা করেন।

একপর্যায়ে সুইস গিয়ার দিয়ে তার গালে আঘাত করা হয় বলে অভিযোগ করেন তিনি। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

মামুন ভূইয়ার অভিযোগ, এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় আগেই তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। হামলার পর রাতেই বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করে।

তবে হামলার অভিযোগে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

কুলিয়ারচর থানার ওসি মোজাম্মেল হক বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন