কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির মধ্যেও পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে সেতুর দুই প্রান্তের টোল প্লাজা দিয়ে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন নিয়মিত পারাপার হয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় যানবাহনের চাপ কিছুটা কম দেখা গেছে। লকডাউন ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেতুর দক্ষিণ প্রান্ত ও ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের জাজিরা টোল প্লাজা ও আশপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। এ সময় যানবাহনের চাপ তুলনামূলক কম থাকলেও সেতু পারাপারে কোনো বাধা ছিল না। পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন নিয়মিত বিরতিতে টোল প্লাজা অতিক্রম করেছে।
পুলিশ ও পদ্মা সেতু কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১২টা থেকে সকাল ১০টা পর্যন্ত ১০ ঘণ্টায় পদ্মা সেতুর দুই প্রান্ত দিয়ে মোট ৪ হাজার ৭৭৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৭১ লাখ ১৫ হাজার ৭০০ টাকা।
এর মধ্যে শরীয়তপুরের জাজিরা প্রান্ত দিয়ে মাওয়া অভিমুখে ১ হাজার ৮১৩টি যানবাহন পারাপার হয়েছে। এ প্রান্তে টোল আদায় হয়েছে ২৬ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা। অন্যদিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত দিয়ে জাজিরা অভিমুখে পার হয়েছে ২ হাজার ৯৬২টি যানবাহন। এ প্রান্তে টোল আদায়ের পরিমাণ ৪৪ লাখ ৯১ হাজার ২৫০ টাকা।
আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সেতুর যান চলাচল ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে কর্মসূচির কারণে এখন পর্যন্ত সেতুতে যানবাহন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
এদিকে লকডাউন কর্মসূচিকে ঘিরে নাশকতা, বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়ানোর কথা জানিয়ে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজা এলাকায় অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কের বিভিন্ন পয়েন্টে টানা দুই দিন ধরে তাঁদের অবস্থান করতে দেখা গেছে। শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের নেতৃত্বে নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক পাহারা দিচ্ছেন।
শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যাতে লকডাউন কর্মসূচির নামে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে, সে জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছেন। জনগণের জানমাল ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন।’
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় বলেন, ‘সেতুতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। টোল আদায় ও যানবাহন পারাপারের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সেতুর সার্বিক পরিস্থিতি কর্তৃপক্ষের নজরদারিতে রয়েছে।’
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, ‘লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সেতু ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত যান চলাচলে কোনো ধরনের বাধা কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

