আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শৃঙ্খলা ভঙ্গের কারণে

প্রকাশ্যে হাতপাখার প্রার্থীর পক্ষে প্রচার: মজলিসের ১৫ নেতার পদ স্থগিত

জেলা প্রতিনিধি, মাদারীপুর

প্রকাশ্যে হাতপাখার প্রার্থীর পক্ষে প্রচার: মজলিসের ১৫ নেতার পদ স্থগিত
ছবি: আমার দেশ

দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে শৃঙ্খলা ভঙ্গের কারণে বাংলাদেশ খেলাফত মজলিসের মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা হাবীব আহমদ চৌধুরীসহ ১৫ নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার রাত ৯টার দিকে মাদারীপুর জেলা কার্যনির্বাহী কমিটি শেষে এ ঘোষণা দেন কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহুল ইসলাম। এ সময় নতুন ভারপ্রাপ্ত সভাপতি করা হয় মাওলানা লোকমান হোসেনকে।

পদ স্থগিত হওয়া নেতারা হলেন মাদারীপুর জেলা কমিটির সভাপতি মাওলানা হাবীব আহমদ চৌধুরী, সহসভাপতি মাওলানা ফখরুল ইসলাম, মুফতি উসামা খান মাদানী, মাওলানা ইমরান হুসাইন খান, মাওলানা মুহাম্মাদুল্লাহ ফাহমী, সহসাধারণ সম্পাদক মাওলানা শাহ জালাল খান, মাওলানা মারুফ বিল্লাহ সাক্বাফী, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা নোমান আল হাবীব, সহ-অফিস সম্পাদক মাওলানা সাজিদুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতি ইমরান কাজী, জেলা নির্বাহী সদস্য মুফতি সরোয়ার হোসেন, রাজৈর উপজেলা সভাপতি মাওলানা আবুল বাশার, সাধারণ সম্পাদক মাওলানা অহিদুজ্জামান, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা এনায়েতুল্লাহ ও শিবচর উপজেলা সভাপতি মাওলানা শাহ আলম তালুকদার।

সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত সভাপতি লোকমান হোসেন বলেন, মাদারীপুর-১ আসনে সাইদ উদ্দিন আহমাদ হানজালা ও মাদারীপুর-২ আসনে মুফতি আব্দুস সোবাহানকে ১১দলীয় প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী করা হয়। কিন্তু এসব প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা না করে ইসলামী আন্দোলনের প্রার্থীর পক্ষে কিছু নেতা প্রকাশ্যেই কাজ করছেন।

এমন অভিযোগের বিষয়ে জেলা কার্যনির্বাহী কমিটি আনসার ক্যাম্প-সংলগ্ন জেলা কার্যালয়ে সভা করে। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে ১৫ নেতার পদ স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। এ ছাড়া এসব নেতাকে কোথাও দলীয় পদ ব্যবহার না করতে অনুরোধ করা হয়। আগামীতে লিখিতভাবে নির্বাহী কমিটির কাছে তাদের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

মাদারীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মিজবাহুল ইসলাম বলেন, যদি তারা সন্তোষজনক জবাব দিতে না পারেন, তাহলে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করা কোনোভাবেই মেনে নিতে পারি না। এটা দলীয় সার্থে বেঈমানির শামিল।

সভায় জেলা ও উপজেলার একাধিক নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া অঙ্গ সংগঠনের নেতারাও ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...