উত্তরপত্রে জালিয়াতি, তা’মীরুল মিল্লাতের ৩০ শিক্ষার্থী বহিষ্কার

উত্তরপত্রে জালিয়াতি, তা’মীরুল মিল্লাতের ৩০ শিক্ষার্থী বহিষ্কার
তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা।

গাজীপুরের টঙ্গীতে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় পরীক্ষায় উত্তরপত্রে জালিয়াতির অভিযোগে ৩০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার মাদরাসা কর্তৃপক্ষ বিশেষ নোটিশে এ সিদ্ধান্তের কথা জানায়।

বিজ্ঞাপন

নোটিশে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান এবং পরীক্ষা-সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোহাম্মদ সালমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশু শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত অনুষ্ঠিত অর্ধবার্ষিক পরীক্ষা, দশম শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষা এবং আলিম প্রথম বর্ষের সমাপনী পরীক্ষা-২০২৬ এ অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী উত্তরপত্রে কারচুপি ও বিভিন্ন অনৈতিক পন্থা অবলম্বন করে। পরে উত্তরপত্র পুনর্মূল্যায়ন এবং অভ্যন্তরীণ তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী, মোট ৩০ জনের মধ্যে সর্বোচ্চ ১২ জন আলিম প্রথমবর্ষের শিক্ষার্থী। এছাড়া সপ্তম শ্রেণির ৮ জন, অষ্টম শ্রেণির ৩ জন, নবম শ্রেণির ২ জন, দশম শ্রেণির ৩ জন এবং ষষ্ঠ শ্রেণির ২ জন শিক্ষার্থী রয়েছে।

বিষয়ভিত্তিক তথ্য অনুযায়ী, ইংরেজি দ্বিতীয় পত্রে সর্বাধিক ১১ জন শিক্ষার্থীর বিরুদ্ধে উত্তরপত্রে জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয়েছে। এছাড়া আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, আইসিটি (আইসিটি), নাহু, বালাগাত-মানতিক, কুরআন, পৌরনীতি, ইতিহাস এবং বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ের পরীক্ষায়ও অনিয়মের ঘটনা ধরা পড়ে।

অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান বলেন, প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম, শিক্ষার মান, পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং একাডেমিক শৃঙ্খলা বজায় রাখতে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও কোনো ধরনের জালিয়াতি বা অসাধুপায়ের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন