মাদারীপুরে মানবপাচার চক্রের তিন সদস্য গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে মানবপাচার চক্রের তিন সদস্য গ্রেপ্তার

অবৈধ পথে ইউরোপ ও আমেরিকাসহ বিভিন্ন দেশে মানবপাচার চক্রের মূলহোতা মো. মুকুল হাওলাদার (৪২), তার সহযোগী অহিদ হাওলাদার (৩০) ও সোহেল মাতুব্বরকে (৩২) গ্রেপ্তার করেছে মাদারীপুরের ডাসার থানা পুলিশ।

বুধবার বিকেলে গ্রেপ্তারকৃতদের মাদারীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে ভোররাতে ডাসার থানা পুলিশ অভিযান চালিয়ে আসামিদের তাদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত মুকুল হাওলাদার সদর উপজেলার কেন্দুয়া এলাকার গাজীরচর গ্রামের রেজ্জাক হাওলাদারের ছেলে ও অহিদ হাওলাদার একই গ্রামের আব্দুল হক হাওলাদারের ছেলে এবং সোহেল মাতুব্বর একই এলাকার কাউয়াকুড়ি গ্রামের বারেক মাতুব্বরের ছেলে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ ও মামলাসূত্রে জানা গেছে, মানবপাচারকারী চক্রের মূলহোতা মো. মুকুল হাওলাদার, তার সহযোগী অহিদ হাওলাদার ও সোহেল মাতুব্বরসহ বেশ কয়েকজন যুবক মিলে লিবিয়া দিয়ে ইতালি, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে ডাসার উপজেলার কমলাপুরসহ দেশের বিভিন্ন এলাকার অসহায় পরিবারের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে যায় ওই চক্রের সদস্যরা। পরে মুন্নি বেগম নামে একজন ভুক্তভোগী বাদী হয়ে গ্রেপ্তারকৃত ওই আসামীসহ ১০ জনের নামে আদালতে একটি মামলা দায়ের করেন। এরপর ডাসার থানার পুলিশ অভিযান চালিয়ে ওই তিনজন আসামিকে গ্রেপ্তার করেন।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. এহতেশামুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মানবপাচার মামলা থাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং বাকি আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...