শিশুদের ডাক শুনে থেমে গেলেন প্রধানমন্ত্রী, ছুটে গেলেন স্কুলে

শিশুদের ডাক শুনে থেমে গেলেন প্রধানমন্ত্রী, ছুটে গেলেন স্কুলে

কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফেরার পথে এক হৃদয়ছোঁয়া মুহূর্তের জন্ম দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাস্তার পাশের স্কুল থেকে শিশুদের ডাক শুনে নির্ধারিত পথ থামিয়ে তাদের কাছে ছুটে যান তিনি।

রোববার (১৬ আগস্ট) আচমিতা জর্জ ইনস্টিটিউট মাঠে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী যখন মানুষের ভিড় পেরিয়ে ফিরছিলেন, তখন আচমিতা ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে উদ্দেশ করে ডাকতে থাকে, ‘তারেক রহমান স্যার, এদিকে আসেন।’ শিক্ষার্থীদের কণ্ঠে ছিল উচ্ছ্বাস আর শুভেচ্ছার নানা স্লোগান।

বিজ্ঞাপন

শিশুদের সেই আকুল ডাক উপেক্ষা করতে পারেননি প্রধানমন্ত্রী। নিরাপত্তা ও নির্ধারিত কর্মসূচির ব্যস্ততার মধ্যেও তিনি হঠাৎ পথ পরিবর্তন করে স্কুলের দিকে এগিয়ে যান। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে মুহূর্তেই আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা।

স্কুলে প্রবেশ করে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের সঙ্গে হাত মেলান এবং কয়েকটি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন। শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে জীবনে বড় হওয়ার এবং ভবিষ্যতে দেশের দায়িত্ব নেওয়ার জন্য উৎসাহ দেন তিনি।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বলে, ‘প্রধানমন্ত্রীকে দেখে আমরা সবাই যখন ডাক দিলাম, তিনি সাড়া দিয়ে ছুটে এলেন। আমরা ভাবতেই পারিনি তিনি আমাদের স্কুলে চলে আসবেন। আমাদের সঙ্গে হাত মিলিয়ে ভালো করে পড়াশোনা করে দেশের বড় দায়িত্ব নেওয়ার কথা বলেছেন। অনেক খুশি লাগছে।’

পরে আচমিতা জর্জ ইনস্টিটিউশনের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সঙ্গেও হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। তাকে এত কাছে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় আবেগঘন ও আনন্দময় পরিবেশ।

স্কুলের শিক্ষকরা জানান, প্রধানমন্ত্রী শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলায় তারা অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত। শিক্ষার্থীদের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময়ের ঘটনাটি তাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

শিশুদের একটি ডাক, আর সেই ডাকে প্রধানমন্ত্রীর স্বতঃস্ফূর্ত সাড়া—কটিয়াদীর ব্যস্ততম দিনের ভিড়ে মুহূর্তটি হয়ে ওঠে আবেগ ও ভালোবাসায় ভরা এক অনন্য দৃশ্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন