ঢাকার ধামরাই পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের আয়-ব্যয়, রাজস্ব আদায়, উন্নয়ন প্রকল্প ও ঠিকাদারি কাজের তথ্য জানতে তথ্য অধিকার আইনে আবেদন করে সংবাদ সম্মেলন করেছেন এনসিপি নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার দুপুরে পৌর ভবনে এ আবেদন জমা দিয়ে সংবাদ সম্মেলন করেন পৌরসভা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট জহিরুল ইসলাম।
আবেদনে পৌরসভার হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, বিভিন্ন ফি, ইজারা ও পৌর সম্পত্তির ভাড়া থেকে কত টাকা আয় হয়েছে এবং বেতন-ভাতা, প্রশাসনিক ব্যয়, রাস্তা-ড্রেন, সড়কবাতি, উন্নয়ন প্রকল্প ও রক্ষণাবেক্ষণে কত টাকা ব্যয় হয়েছে—এসব তথ্য চাওয়া হয়েছে।
এছাড়া উন্নয়ন প্রকল্পের বরাদ্দ, টেন্ডার, ঠিকাদারি প্রতিষ্ঠান, চুক্তিমূল্য, কার্যাদেশ, পরিশোধিত বিল ও কাজের বর্তমান পরিস্থিতির তথ্যও জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি অডিট প্রতিবেদন ও অডিট আপত্তির তথ্য এবং প্রয়োজন মনে হলে সংশ্লিষ্ট হিসাবের নথি, ভাউচার ও টেন্ডার ফাইল পরিদর্শনের সুযোগ জনসমক্ষে প্রকাশের কথা বলা হয়েছে।
এ বিষয়ে পৌর এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট জহিরুল ইসলাম বলেন, ধামরাই একটি প্রথম শ্রেণির পৌরসভা। পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবা আরও এগিয়ে নিতে আয়-ব্যয়ের তথ্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের অর্থ কোথা থেকে আসে এবং কোন খাতে কত টাকা ব্যয় হয়, তা জানা জনগণের অধিকার। এসব তথ্য প্রকাশের মাধ্যমে পৌরসভার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি আরও বাড়বে বলে আমরা আশা করি।
পৌর নির্বাহী কর্মকর্তা গোলাম নবী জানান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের তথ্য অধিকার আইনে করা আবেদনটি গ্রহণ করা হয়েছে। পৌর প্রশাসকের স্বাক্ষর পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকারীর কাছে কাঙ্ক্ষিত তথ্য পাঠানো হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপি ঢাকা জেলা উত্তরের যুগ্ম সদস্য সচিব ইসরাফিল ইসলাম খোকন, ধামরাই পৌরসভা এনসিপির সদস্য সচিব মোহাম্মদ নাজমুল হক, মুখ্য সংগঠক মোহাম্মদ আলী আহসান তন্ময়, যুব শক্তি ধামরাই উপজেলার আহ্বায়ক মোহাম্মদ আশিকুর রহমান, সামিউল ইসলাম লিমন, কাউসার আহমেদ, সারোয়ার জাহান সিদ্দিকীসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

