বন্ধুর বিয়েতে দাওয়াত না পেয়ে অভিমানে মহাসড়কে বিক্ষোভ করেছেন বন্ধুরা। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় ‘টাকা লাগলে টাকা নিতি, তা-ও বন্ধুদের দাওয়াত দিতি’ স্লোগানে তারা এ কর্মসূচি পালন করেন।
শুক্রবার বিকেলে দৌলতদিয়া মডেল হাইস্কুল সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এসএসসি ২০১৫ ব্যাচের বন্ধু এ বিক্ষোভ মিছিল করেন। এ সময় তাদের হাতে ছিল ব্যঙ্গাত্মক প্ল্যাকার্ড ও ব্যানার, যা পথচারীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
আয়নাল ও অন্য বন্ধুরা জানান, তাদের ঘনিষ্ঠ বন্ধু শাকিল শেখ হঠাৎ করেই গোপনে বিয়ে করেন। বিষয়টি তারা জানতে পারেন অনেক পরে। এতে ক্ষোভের চেয়ে অভিমান থেকেই তারা এমন ব্যতিক্রমী প্রতিবাদের আয়োজন করেছেন।
বিক্ষোভে অংশ নেওয়া তরুণরা বলেন, বন্ধুত্বের সম্পর্কে গোপনীয়তা থাকা উচিত নয়। বিশেষ করে বিয়ের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে বন্ধুদের অবগত না করায় তারা কষ্ট পেয়েছেন। সেই অভিমান থেকেই তারা প্রতীকী প্রতিবাদে রাজপথে নেমেছেন।
ব্যস্ত মহাসড়কে এমন ভিন্নধর্মী কর্মসূচি দেখে পথচারী ও যাত্রীদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। অনেক পথচারী ছবি ও ভিডিও ধারণ করেন।
তবে পুরো আয়োজনজুড়ে ছিল হাস্যরসের আবহ। বিক্ষোভ শেষে বন্ধুরা নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানান।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

