মানিকগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ড. রফিকুল ইসলাম খান (ড. রফিক) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন এবং রিটার্নিং অফিসার চরমভাবে ব্যর্থ হয়েছেন।
রোববার লিখিত বক্তব্যে ড. রফিক জানান, প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই তিনি এবং আরও কয়েকজন প্রার্থী বিভিন্ন সময়ে রিটার্নিং অফিসারের সঙ্গে বৈঠক করে নির্বাচনি মাঠের নানা সমস্যা তুলে ধরেছেন।
তিনি বলেন, ভোটারদের মধ্যে ভয়ভীতি, আতঙ্ক ও সংশয় বিরাজ করছে। এসব বিষয়ে একাধিকবার প্রশাসনকে অবহিত করা হলেও আজ পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার বা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।
ড. রফিকুল ইসলাম অভিযোগ করেন, মানিকগঞ্জ-৩ আসনে নির্বাচনি মাঠে সমতা ও নিরপেক্ষ পরিবেশ পুরোপুরি অনুপস্থিত। প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা না থাকায় সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা—এ নিয়ে গুরুতর শঙ্কা তৈরি হয়েছে।
ড. রফিকুল ইসলাম খানের এই ঘোষণাকে কেন্দ্র করে মানিকগঞ্জ-৩ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

