মানিকগঞ্জে ট্রাক–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জে ট্রাক–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মানিকগঞ্জ সদর উপজেলায় ঢাকা–আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টার দিকে রহমান সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন পিকআপের চালক রাসেল (৩০) এবং হেলপার আরাফাত (২০)। দুর্ঘটনার পর তারা ঘটনাস্থলেই মারা যান। আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা–আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ও পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি গাড়ি সড়কের দুই পাশে ছিটকে পড়ে। এতে পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যায় বলে জানা গেছে।

খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে নিহতদের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ মিয়ারাজ উদ্দিন বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।”

এর আগে একই দিন দুপুরে ঢাকা–আরিচা মহাসড়কের ওই এলাকায় একটি সেলফি পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তবে ওই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...