মাত্র এক মিনিটে বিশ্বের সব দেশের নাম বলতে পারেন। আবার মাত্র ৩ মিনিট ৪০ সেকেন্ডে বাংলাদেশের ৬৪টি জেলা ও ৪৯৫টি উপজেলার নামও বলে ফেলতে সক্ষম। এমনকি মাত্র ২৩ সেকেন্ডে ৬৪ জেলার নাম উচ্চারণ করেন তিনি। শুধু তাই নয়, সুমধুর কণ্ঠে আজান এবং আল্লাহ তাআলার ৯৯টি নাম পাঠেও রয়েছে তার বিশেষ দক্ষতা।
এমন অসাধারণ প্রতিভার অধিকারী ইসমাইল হোসেন জালালী। তিনি তামিরুল মিল্লাত কামিল মাদরাসার টঙ্গী ক্যাম্পাসের আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের আমড়াতৈল গ্রামে। তিনি শফিকুল ইসলাম জালালীর ছেলে।
ইসমাইল হোসেন জালালীর সঙ্গে কথা হলে তিনি জানান, ছোটবেলা থেকেই বিশ্বের মানচিত্র, বিভিন্ন দেশ এবং বাংলাদেশের প্রশাসনিক কাঠামো সম্পর্কে তার গভীর আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই নিয়মিত অধ্যয়ন ও অনুশীলনের মাধ্যমে তিনি এসব তথ্য আয়ত্ত করেছেন।
তিনি বলেন, “ছোটবেলা থেকেই মানচিত্র ও বিভিন্ন দেশের বিষয়ে জানার প্রতি আমার খুব আগ্রহ ছিল। কৌতূহলবশত বিভিন্ন তথ্য জানতে ও শিখতে গিয়ে আল্লাহ তাআলা আমাকে এই জ্ঞান দান করেছেন।”
ভবিষ্যতে একজন আলেম হয়ে দ্বীনের খেদমতে আত্মনিয়োগ করতে চান ইসমাইল। সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, “আমি যেন দ্বীনি শিক্ষায় নিজেকে আরও সমৃদ্ধ করতে পারি এবং ইসলামের খেদমতে কাজ করতে পারি, সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন।”
মেধা, অসাধারণ স্মৃতিশক্তি ও অধ্যবসায়ের অনন্য সমন্বয়ে ইতোমধ্যেই এলাকায় প্রশংসিত হয়েছেন এই মাদরাসাছাত্র। তার প্রতিভার যথাযথ পরিচর্যা হলে ভবিষ্যতে আরও বড় পরিসরে নিজেকে মেলে ধরতে পারবেন বলে মনে করছেন স্বজন ও স্থানীয়রা।
বাঁশতৈল ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল হোসেন বলেন, “ইসমাইলের বাড়ি আমার ওয়ার্ডেই। তার বাবা স্থানীয় মসজিদের ইমাম। ছোটবেলা থেকেই সে ব্যতিক্রমধর্মী বিষয় নিয়ে চর্চা করত। এভাবে নিয়মিত চেষ্টা করতে করতেই আজ সে বিস্ময়কর প্রতিভার অধিকারী হয়েছে।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

