নবীনবরণ অনুষ্ঠানে আফরোজা খানম রিতা

দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না

দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, আমাদের মাঝে যদি দেশপ্রেম না থাকে. তবে কোনোকিছুই সম্ভব হবে না। দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না। আমাদের মূল লক্ষ্য দেশপ্রেম।

রোববার দুপুরে সরকারি দেবেন্দ্র কলেজ ক্যাম্পাসে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

আফরোজা খানম রিতা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের শিখিয়ে গেছেন কীভাবে দেশকে ভালোবাসতে হয়। আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; দেশপ্রেম, নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং প্রযুক্তিনির্ভর জ্ঞানার্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা এমন একটি শক্তি; যা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে আলোকিত করে। তাই সময়ের যথাযথ মূল্য দিয়ে নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও সততার সঙ্গে নিজেদের প্রস্তুত করতে হবে।

কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ মাহফিল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেনÑজেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সরওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোশারফ হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল রহমান খান সজিব, সাংগঠনিক সম্পাদক অয়ন খান, জেলা বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ওমর ফারুক প্রমুখ।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ড. মোহাম্মদ মাহফিল খান নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কলেজ জীবনের প্রতিটি মুহূর্তকে জ্ঞানার্জন, সৃজনশীলতা ও মানবিক গুণাবলি বিকাশের জন্য কাজে লাগাতে হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা এবং শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান।

এর আগে শহীদ জিয়া মুক্তিযোদ্ধা ও জুলাই স্মৃতি কর্নার উদ্বোধন এবং বৃক্ষরোপণ করেন আফরোজা খানম রিতা। অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে শেষ হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন