মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, ধারালো ছুরি, টর্চলাইট, রশি ও ইলেকট্রিক টেপ উদ্ধার করা হয়েছে।
রোববার রাত ১১টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে একটি পরিত্যক্ত পাম্পের কাছে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ঢাকার কেরানীগঞ্জের ইস্পাহানী আগানগরের সুজন মোড়ল (২৪), মুন্সীগঞ্জের সিরাজদিখানের দক্ষিণ তাজপুরের নাঈম ফকির (২০), শ্রীনগরের বাসিন্দা হাসান শেখ (১৯), শরীয়তপুরের জাজিরার কাজিরহাটের ফারুক (২৮) এবং ঢাকার কেরানীগঞ্জের দিঘীরপাড় এলাকার মাসুম (৩৭)।
পুলিশ জানায়, শ্রীনগর থানার পুলিশের একটি দল বেজগাঁও এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা আট থেকে নয়জন পালানোর চেষ্টা করে। এ সময় পাঁচজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা একটি চাপাতি, একটি ধারালো ছুরি, একটি রিচার্জেবল টর্চলাইট, প্রায় ১০ হাত লম্বা পাটের রশি ও একটি কালো রঙের ইলেকট্রিক টেপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

