কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রদল নেতার মৃত্যু

কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রদল নেতার মৃত্যু
ইনসেটে ছাত্রদল নেতা। ছবি: আমার দেশ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদ হাসান সরকার (২৮) নামে এক ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ছয়সূতী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাটিকাটা গ্রামের (বড়বাড়ি) নিজ বাড়িতে আইপিএসের বৈদ্যুতিক ত্রুটি মেরামতের চেষ্টা করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদ হাসান সরকার ওই গ্রামের রতন মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে নিজ বাড়িতে আইপিএসের বৈদ্যুতিক ত্রুটি মেরামতের চেষ্টা করছিলেন শহিদ হাসান সরকার। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে তার বড় ভাই জুবায়ের আহমেদ তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরিবারের সদস্যরা দ্রুত তাকে স্থানীয় জহিরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শহিদ হাসান সরকারের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরিফুল আলমসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং ছাত্রদলের নেতৃবৃন্দরা শোক প্রকাশ করেছেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান বলেন, শহিদ হাসান সরকার ছিলেন রাজপথের একজন তরুণ ও সক্রিয় সংগঠক।

তার অকাল মৃত্যুতে ছাত্রদল একজন উদ্যমী তরুণ নেতাকে হারিয়েছে। তার রুহের মাগফেরাত কামনা করছি এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ ( ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন