সিদ্ধিরগঞ্জে ঝুট ব্যবসা নিয়ে বিএনপি-ছাত্রদলের গোলাগুলি, আহত ১০

সিদ্ধিরগঞ্জে ঝুট ব্যবসা নিয়ে বিএনপি-ছাত্রদলের গোলাগুলি, আহত ১০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে আদমজী কেন্দ্রীয় কবরস্থান কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, ইপিজেডে ইউনিভার্সাল কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদল নেতা সাগর প্রধানের সঙ্গে বিএনপি নেতা শাহালম মানিক-রুহুল আমিন গ্রুপের দ্বন্দ্ব চলছিল। এরই জেরে আজ বিকেলে সাগর গ্রুপের মোহনকে কুপিয়ে জখম করেন শাহালম-রুহুল আমিন গ্রুপের লোকজন। একপর্যায়ে আদমজী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ। এ সময় গুলি ছোড়াসহ ইট-পাটকেল নিক্ষেপ করেন তারা।

এ সময় ৯টি মোটরসাইকেলে আগুন দেন সাগর প্রধানের লোকজন। একই সঙ্গে সফর আলী ভূঁইয়া মার্কেটের দোকানপাট ভাঙচুর করেন তারা। সংঘর্ষের ছবি সংগ্রহ করতে গেলে স্থানীয় ফটো সাংবাদিক তোফাজ্জল হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

এ ঘটনায় বিএনপি নেতা রুহুল আমিন বলেন, প্রতিপক্ষরা আমার মার্কেটে গুলি ছুড়েছে। আওয়ামী-যুবলীগের শীর্ষ সন্ত্রাসী মতির সব অস্ত্র সাগর বাহিনীর কাছে রয়েছে। হামলায় আমাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর বলেন, বিএনপির নাম ব্যবহার করে আমার লোকজনের ওপর হামলা চালায় আওয়ামী সন্ত্রাসী মতি ও পানি আক্তার বাহিনী। তারা নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোহনকে কুপিয়ে জখম করেছে। আরেক সহ-সাংগঠনিক সম্পাদক মানিক, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সভাপতি আরিফ, মাহবুব, সবুজ ও শহিদকেও গুরুতর জখম করেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. শাহিনুর আলম বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী-পুলিশ। সংঘর্ষে দুই পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন