টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কালিহাতী পৌর এলাকার কামার্থী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল-আমিন (১৮) কালিহাতী উপজেলার বল্লা বেহালাবাড়ী হাসপাতাল পাড়া গ্রামের আরিফের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বল্লা থেকে কালিহাতীগামী একটি মোটরসাইকেল কামার্থী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় পথচারী সাদেক আলী (৬৫) সামনে পড়ে যায়। পরে তাকে বাঁচাতে গিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক আল-আমিন, আরোহী সোহাগ (১৬) এবং পথচারী সাদেক আলী আহত হন। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন।
আহত সোহাগ বর্তমানে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত সাদেক আলীকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কালিহাতী থানার ওসি (তদন্ত) আব্দুস ছালাম জানান, এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

