গোপালগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সারজিল সিকদার (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের গোবরা মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সারজিল জেলা শহরের ব্যাংকপাড়া এলাকার বাসিন্দা ও পৌর মহিলা দলের সভানেত্রী নিরালা বেগম ও শাহ আলম সিকদারের ছেলে। সে গোপালগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে শহরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সারজিলের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সারজিল নিহত হওয়ার কথা শুনে স্থানীয় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবরসহ বিএনপি নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

