প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আমার দেশ অনলাইন সংস্করণে গত ৩০ সেপ্টেম্বর ‘‘বিএলআরআইয়ে প্রকল্পের নামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি’’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) সাবেক পরিচালক ড. নাসরিন সুলতানা। এক প্রতিবাদলিপিতে তিনি উক্ত সংবাদের বক্তব্যকে অসত্য, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।

প্রতিবাদলিপিতে ড. নাসরিন সুলতানা উল্লেখ করেন, ‘জাতীয় কৃষক শক্তি’ নামের একটি সংগঠনের মানববন্ধনের বরাতে প্রকাশিত সংবাদটি অত্যন্ত অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। গণমাধ্যম হিসেবে যেকোনো জনসমাবেশে প্রদত্ত বক্তব্য প্রকাশ করার অধিকারকে সম্মান জানিয়ে তিনি বলেন, মানববন্ধনে তার সম্পর্কে যে বক্তব্য ও অভিযোগ আনা হয়েছে, তা প্রকৃত তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিজ্ঞাপন

নিজের প্রশাসনিক অবস্থানের স্পষ্টীকরণ করে সাবেক এই পরিচালক জানান, তার বিরুদ্ধে ২০২৫ সালের ১ জুলাই উত্থাপিত বিভিন্ন অভিযোগের বিষয়ে প্রাথমিক তদন্ত, পুনর্তদন্ত এবং পরবর্তীতে বিভাগীয় মামলার মাধ্যমে পূর্ণাঙ্গ তদন্ত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। পৃথক তদন্ত কর্মকর্তাদের মাধ্যমে পরিচালিত এসব প্রক্রিয়া শেষে ২০২৬ সালের ২ জুলাই বিএলআরআইয়ের মহাপরিচালকের দাপ্তরিক আদেশের মাধ্যমে তাকে সকল অভিযোগ থেকে চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়া হয়।

অভিযোগ উত্থাপনের তারিখ থেকে চূড়ান্ত অব্যাহতি পর্যন্ত ১ বছর ১ দিন সময় অতিবাহিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক তদন্তপ্রক্রিয়া শেষে অব্যাহতি পাওয়ায় বর্তমানে তার বিরুদ্ধে কোনো অভিযোগ বহাল নেই। ফলে মানববন্ধনে দেওয়া বক্তব্য এবং সংবাদের ওই অংশ ভিত্তিহীন ও অসত্য দাবি করে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন