সিদ্ধিরগঞ্জে জামায়াতের মতবিনিময় সভা, ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি

সিদ্ধিরগঞ্জে জামায়াতের মতবিনিময় সভা, ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৭ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জের গ্রীণ গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সরকার ব্যর্থ হয়েছে। তিনি দাবি করেন, সংবিধান সংশোধনের পরিবর্তে প্রয়োজনীয় সংস্কার এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হবে। এ দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছে বলেও জানান তিনি।

মো. মোবারক হোসাইন আরও বলেন, দেশের জনগণের মতামতের প্রতি সম্মান দেখিয়ে সরকারকে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তিনি।

সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মো. আব্দুল জব্বার বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রকৃত চেতনা সমুন্নত রাখতে এবং শহীদ পরিবার ও আহতদের রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করতে অবিলম্বে ‘জুলাই সনদ’ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা প্রয়োজন।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ এবং নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর আলহাজ মুমিনুল হক সরকার।

সভায় নারায়ণগঞ্জ মহানগর ও জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য এবং আহত ছাত্র-জনতা অংশ নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন