গাজীপুরের কালিয়াকৈরে বাবুল হোসেন (৭১)নামে এক বৃদ্ধ নিজ বাড়ি সংলগ্ন মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাথান ঘাটাখালী নদীর ব্রিজ সংলগ্ন এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাবুল হোসেন বাড়ি থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতলী এলাকায় রাস্তা পার হওয়ার সময় পিছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিহত বাবুলের বাড়ি কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী গ্রামে।
এ বিষয়ে নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান বলেন, কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির নিহতের খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে, একটি অজ্ঞাত মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে এই মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

