ফরিদপুর জেলা সদরের চরমাধবদিয়া ইউনিয়নের কালীতলা যতিনবদ্দি এলাকার একটি পুকুর পাড়ের কলাগাছের ঝোঁপের পাশে দুটি পুকুরের মাটি খোঁড়াখুঁড়িতে মাটির নিচ থেকে মানুষের পা বেরিয়ে আসে। স্থানীয়রা এটি দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে দুটি লাশ উদ্ধার করে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
পরবর্তীকালে লাশ দুটি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চর চর্নসোনা গ্রামের ইটভাটার শ্রমিক আমজাদ শেখের স্ত্রী জাহানারা বেগম (৩০) ও মেয়ে সামিয়া আক্তারের (৪) এর বলে শনাক্ত করা হয়েছে।
নিহতদের পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, গত ৪ মে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে এক সঙ্গে বের হন মা-মেয়ে। এরপর আর তারা বাড়ি ফিরে আসেননি । এই ঘটনায় গোয়ালন্দ থানায় একটি সাধারণ ডায়েরি করেন স্বামী আমজাদ শেখ।
স্থানীয় বাসিন্দারা বলেন, মা-মেয়ের লাশ উদ্ধার হওয়া এলাকায় রাত হলেই নিয়মিত মাদক ও জুয়ার আসর বসে। স্থানটি দুই জেলার মধ্যবর্তী হওয়ায় কিছুটা দুর্গম এবং যাতায়াত ব্যবস্থা ভালো না। তাদের ধারণা, এসব অপকর্মের সঙ্গে এসব জুয়াড়ি এবং মাদক ব্যবসায়ীরা জড়িত থাকতে পারে।
ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রথমে অজ্ঞাত অবস্থায় লাশ দুটি পাওয়া যায়। পরে পরিবার এসে তাদের পরিচয় নিশ্চিত করেছে। লাশ দুটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

