কাল টঙ্গী যাচ্ছেন প্রধানমন্ত্রী

কাল টঙ্গী যাচ্ছেন প্রধানমন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর আগামীকাল বুধবার গাজীপুরের টঙ্গীর সাতাইশ ধরপাড়া এলাকায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর ২টায় ওই এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‍‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টঙ্গীর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। বুধবার সকালে তিনি গাজীপুরের সফিপুর আনসার একাডেমি কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে গাছা হয়ে টঙ্গীর ধরপাড়া এলাকায় আসবেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টঙ্গীর গাজীপুরা, খরতৈল, সাতাইশ, গাছাসহ আশপাশের এলাকায় রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নের কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।

এ উপলক্ষ্যে টঙ্গী ও গাছাসহ পুরো গাজীপুর মহানগরীকে নান্দনিক সাজে সাজানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা। সব মিলিয়ে আগামীকালের এই সফর টঙ্গী তথা গাজীপুরবাসীর জন্য এক ঐতিহাসিক ও স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান, টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর টঙ্গীতে আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। স্পেশাল সিকিউরিটি ফোর্স-(এসএসএফ), র‌্যাব , পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন রয়েছেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন