সাভারের আশুলিয়ায় মহাসড়কে লরিচাপায় অটোরিকশাযাত্রী নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বিক্ষুব্ধ এলাকাবাসী এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
রোববার রাত ১০টায় নবীনগর চন্দ্রা-মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। তবে আধা ঘণ্টা পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।
নিহতদের মধ্যে শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছে। নিহত ও আহতের পরিচয় পাওয়া যায়নি। সিসি টিভি ফুটেজে দেখা গেছে, বাইপাইলের দিকে থেকে একটি অটোরিকশা উল্টো পথে ইপিজেডের দিকে যাচ্ছিল। এ সময় সামনের দিকে থেকে একটি লরি আসলে অটোরিকশাটি রাস্তার পাশে পানি থাকায় রাস্তার মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় অটোরিকশাটি গর্তে পড়ে গেলে যাত্রীরা লরির পিছনের চাকার নিচে পড়ে যায়।
পুলিশ জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকা দিয়ে একটি অটোরিকশা উল্টো পথে ঢাকা ইপিজেডের দিকে যাচ্ছিলো। এ সময় একটি অটোরিকশা উল্টে লরির পিছনের চাকার নিচে পড়ে যায়। এত ঘটনাস্থলেই একজন নিহত হয়। রিকশাচালক ও শিশুসহ তিনজন আহত হলে তাদের উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে এদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঘটনাস্থলের পাশের দোকানদার ও প্রত্যক্ষদর্শী মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, 'আমি ঘটনার সময় দোকানে ছিলাম। চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখি রিকাশা উল্টে গেছে। এ সময় ঘটনাস্থলে একজন মারা যায়। বাকিদের হাসপাতালে নিলে আরও দুইজন মারা যায়।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সালেহ আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। উল্টো পথে রিকশায় তিনজন যাত্রী নিয়ে ইপিজেডের দিকে যাচ্ছিলেন চালক। পরে সড়কের গর্তে পড়ে রিকশাটি উল্টে বিপরীত দিক থেকে আসা একটি লরির নিচে চাপা পড়ে। এসময় ঘটনাস্থলেই একজন মারা যায়।
আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক নারী ও শিশুকে মৃত ঘোষণা করেন। অপরজন চিকিৎসাধীন অবস্থায় আছেন। নিহত ও আহতের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
/এফ/
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

