সিদ্ধিরগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

সিদ্ধিরগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন
সিদ্ধিরগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: আমার দেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিজ্ঞাপন

গ্রাইন্ডিং মেশিন দিয়ে রঙের স্টিলের ডিব্বা কাটার সময় সৃষ্ট স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।

কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, গোডাউনে গ্রাইন্ডিং মেশিন দিয়ে রঙের স্টিলের ডিব্বা কাটার সময় ঘর্ষণ থেকে স্পার্কের সৃষ্টি হয়। সেই স্পার্ক থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে গোডাউনের কী পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বা আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সেটিও তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন পুরোপুরি নির্বাপণ এবং ঘটনাস্থল পর্যবেক্ষণের পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন