শিবপুরে সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ: আটক ২

শিবপুরে সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ: আটক ২

নরসিংদী জেলার শিবপুর উপজেলাধীন প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের (পিআইও) সরকারি প্রকল্প কাবিখা/টিআর এর ১৯১টি বিলের মধ্যে ৮১টি বিলের প্রেক্ষিতে আনুমানিক ৫২লাখ ৭৮ হাজার টাকা জালিয়াতি করে উত্তোলন করার অভিযোগে অফিসের কার্য সহকারী (প্রকল্প) আরিফুল ইসলাম তুহিন (৩৫) এবং পিয়ন (আউটসোর্সিং) আশিক ভূইয়াকে (২৫) আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

অভিযোগ পত্রে জানা যায়, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার গত ১৫ জুন টিআর/কাবিখা প্রকল্পে ১৯১টি বিল হিসাবরক্ষণ অফিসে জমা দিলে বাজেট না থাকায় ৮১টি বিল ২৬জুন বিলগুলো বাউন্স হয়। বিষয়টি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর মাধ্যমে অবগত হয়ে ২৮ ও ৩০ জুন বিষয়টি গোপন অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে প্রাথমিকভাবে প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের (পিআইও) এই দু’কর্মচারী জালিয়াতি পূর্বক সরকারি টাকা উত্তোলনের প্রমাণ পাওয়া যায়।

‎এনএসআই এর গোপন অনুসন্ধান এবং জিজ্ঞাসাবাদে প্রাপ্ত প্রমাণাদি (ব্যাংকের সিসিটিভি ফুটেজ) অফিসের কর্মচারী আশিকের স্বীকারোক্তিসহ বিভিন্ন তথ্য স্থানীয় শিবপুর উপজেলা প্রশাসন এবং নরসিংদী জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করা হয়।

পরবর্তীতে এনএসআই প্রদত্ত প্রমাণাদি ও বিষয়বস্তু পর্যবেক্ষণ পূর্বক প্রকল্প বাস্তবায়ন কার্যালয় (পিআইও) অভিযুক্ত দু’কর্মচারীকে জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক সরকারি টাকা জালিয়াতি পূর্বক আত্মসাৎ করার অভিযোগে রাতে শিবপুর মডেল থানা পুলিশ তাদেরকে আটক করে।

‎আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হলে কাবিখা/টিআর প্রকল্পের আত্মসাৎ ৫২ লাখ ৭৮ হাজার টাকার মধ্যে ৫২ লাখ টাকা পুলিশের নিকট জমা দেয় বলে জানা যায়। শিবপুর উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন তাদের নামে শিবপুর থানায় একটি অভিযোগ দাখিল করেন।

কার্য সহকারী (প্রকল্প) আরিফুল ইসলাম তুহিন (৩৫) শিবপুর উপজেলার স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের মো. হোসেন আলীর ছেলে এবং পিয়ন আশিক ভূইয়া (২৫) একই উপজেলার খড়িয়া (উত্তরপাড়া) এলাকার জাকির হোসেনের ছেলে।

শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জাহাঙ্গীর হোসেন জানান, বাৎসরিক প্রকল্প (২০২৪-২০২৫) অর্থ বছরের উপজেলা প্রকল্প বাস্তবায়ন এর গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণও গ্রামীণ অবকাঠামো সংস্কার (টিআর/কাবিখা) সর্বমোট ৪৩০টি বিল বাস্তবায়ন (পাশ) করা হয়। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণও গ্রামীণ অবকাঠামো সংস্কার (টিআর/কাবিখা) মার্চ-জুন মাসের বিল উত্তোলনপূর্বক প্রকল্প বাস্তবায়নকারীদের মাঝে বিতরণের লক্ষ্যে হিসাব রক্ষণ অফিসে ৪৩০টি বিল দাখিল করা হয়। ৪৩০টি বিল দাখিল করার পর পরই শিবপুর উপজেলা হিসাব রক্ষণ অফিসের কর্মকর্তা মোহাম্মদ জুলকার নাইন বিল্লাহ জানান ৪৩০টি বিলের মধ্যে ইতিপূর্বে ৮১টি বিলের সমপরিমাণ ৫২ লাখ ৭৮হাজার ২৯০টাকা উত্তোলন করা হয়েছে।

বিষয়টি জেলা প্রশাসক নরসিংদীকে অবগত করা হলে তিনি বিষয়টি প্রাথমিক তথ্য সংগ্রহ করার জন্য এনএসআই নরসিংদীকে নির্দেশনা প্রদান করেন।

শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়নের ৮১টি সরকারি বিল আত্মসাৎকারীদের সনাক্তের বিষয়ে গোয়েন্দা সংস্থা এনএসআই নরসিংদীর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে আটক আরিফুল ইসলাম তুহিন ও আশিক ভুইয়াসহসকল তথ্য প্রমাণসহ প্রতিবেদন দাখিল করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার স্বাক্ষর জাল করে ২৭মে ও ৪জুন সোনালী ব্যাংকের শিবপুর শাখা হইতে টাকা উত্তোলন করে নিজেদের হেফাজতে রেখেছে বলে তারা স্বীকার করে। শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় আরিফুল ইসলাম তুহিন ও আশিক ভূইয়াকে শিবপুর থানা পুলিশের কাছে প্রদান করা হয়। আটকদের ঘটনার বিষয়ে থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করে। এ ঘটনায় আরিফুল ইসলাম তুহিনের দেওয়া তথ্য মতে তুহিনের বসতবাড়ী হইতে সরকারী প্রকল্পের আত্মসাৎকৃত ৫২ লাখ টাকা উদ্ধার করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন