গাজীপুরের টঙ্গী ৫৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মাস্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক।
সোমবার বেলা সাড়ে ৩টার দিকে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরা পূর্ব ও পশ্চিম থানায় পৃথক দুটি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় একটি ও কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.ফরিদুল ইসলাম।
ওসি বলেন, কয়েক মাস ধরে প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন মজিবুর রহমান। তাকে গাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গাছা থানায় করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

