রাজবাড়ীতে বাসে আগুন

রাজবাড়ীতে বাসে আগুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসটির পুরো অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

শনিবার রাত দেড়টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করে রাখা ‘মা ক্লাসিক’ (ঢাকা মেট্রো-ব-১৪-৯১২৪) নামের একটি লোকাল বাসে আগুন লাগার এ ঘটনা ঘটে।

আগুন লাগার সময় বাসটিতে কোনো যাত্রী, চালক বা হেলপার ছিলেন না।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্রমিক ইউনিয়ন অফিসের পাশের টার্মিনালে পার্কিং করা বাসটিতে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। পুড়ে যাওয়া বাসটি রাজবাড়ী মালিক গ্রুপের আওতাধীন।

বাসে আগুনের ঘটনায় গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুন্নু মোল্লা বলেন, ‘পার্কিং করে রাখা বাসে আগুন দেওয়ার ঘটনা কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না।’ এর সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। একই সঙ্গে দৌলতদিয়া বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ পরিবহনকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদারের দাবি জানান তিনি।

স্থানীয় বাস শ্রমিকরা বলেন, রাতের বেলায় টার্মিনালে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় তারা আতঙ্কিত। বাসটি পুড়ে যাওয়ায় পরিবহন মালিক ও শ্রমিকেরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘টার্মিনালের পাশেই পুলিশ দায়িত্ব পালন করছিল। বাসে আগুন লাগার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

রাজবাড়ী বাস মালিক গ্রুপের সভাপতি খন্দকার মাহমুদুল হক জুয়েল জানান, উদ্ভূত পরিস্থিতিতে রাজবাড়ী জেলা কেন্দ্রীয় বাস টার্মিনালে অতিরিক্ত পাহারার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া বাস মালিকদের গাড়ি নিরাপদে রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন