নির্মাণাধীন ভবনে কাজ করার সময়

সদরপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিক নিহত

সদরপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিক নিহত
ছবি: আমার দেশ

ফরিদপুরের সদরপুর উপজেলায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজীব শেখ (২৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রুবেল শেখ (৩২) নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৮টায় সদর ইউনিয়নের কালিখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সজীব শেখ ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের আবিল মুন্সীর ডাঙ্গী গ্রামের ওসমান শেখের ছেলে। আহত রুবেল শেখ ফরিদপুর সদর ইউনিয়নের সিএনবি ঘাট নর্থ চ্যানেল এলাকার শাহজাহান শেখের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, কালিখোলার পার্শ্ববর্তী ১৪ রশি বাজারের ব্যবসায়ী রাজিব বণিকের নির্মাণাধীন ভবনে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। ভবনের সামনের দিকে একটি বিদ্যুতের খুঁটি রয়েছে। ওই খুঁটিতে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইন খোলা অবস্থায় ঝুলছিল বলে অভিযোগ রয়েছে।

শুক্রবার সকালে ভবনের ছাদে বিমের রড সাজানোর সময় সজীবের হাতে থাকা একটি লম্বা রড অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় পাশে থাকা শ্রমিক রুবেল শেখও আহত হন।

পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজীব শেখকে মৃত ঘোষণা করেন। আহত রুবেল শেখকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি আশংকামুক্ত রয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান। তিনি বলেন, ‘লাশের সুরতহাল প্রস্তুতের কাজ চলছে। সুরতহাল শেষে লাশ থানায় নেওয়া হবে। পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

ঘটনার পর খোলা বিদ্যুৎ সঞ্চালন লাইনের ঝুঁকিপূর্ণ অবস্থার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন