আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভোগান্তির শিকার যাত্রীরা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিলোমিটার যানজট

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিলোমিটার যানজট
ছবি: আমার দেশ

প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঘরমুখী মানুষের ঢল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় বাসস্ট্যান্ডে।

উত্তরাঞ্চলের প্রবেশপথ চন্দ্রা ত্রিমোড় বাসস্ট্যান্ড জুড়ে যাত্রীদের উপচে পড়া ভিড় ও যানবাহনের চার বাড়ায় জটলা সৃষ্টি হয়েছে। এর ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর থেকে খাড়াজোড়া পর্যন্ত এবং জিরানি বাজার থেকে চন্দ্রা পর্যন্ত মোট ১২ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৮ মার্চ) দুপুর থেকে চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকায় ঘরমুখী যাত্রীদের চাপ বেড়েছে। এতে মহাসড়কে চলাচলরত দূরপাল্লার বাসগুলো যাত্রী উঠাতে জটলার সৃষ্টি করায় ভোগান্তির সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, চন্দ্রা বাসস্ট্যান্ডের দুবাই সিএনজি পাম্প থেকে শুরু করে খাড়াজোড়া এলাকায় সড়কের উপর যানবাহন থামিয়ে যাত্রী উঠাচ্ছে পরিবহণগুলো। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।

মায়ের দোয়া পরিবহনের চালক মুস্তফা মিয়া বলেন, পুরো সড়কে কোনো যানজট নাই। শুধু চন্দ্রা আসতে গেলেই জ্যাম ঠেলতে হয়। এখানে আইনশৃঙ্খলা বাহিনী কেমন দায়িত্ব পালন করে তা বুঝতেছি না। পরিবহনের লোকজন শৃঙ্খলা সঙ্গে বাসগুলোয় যাত্রী উঠিয়ে ছাড়তে পারলে এই জ্যাম থাকবে না।

কয়েকজন যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল সড়কের অন্যান্য স্থান ফাঁকা থাকলেও চন্দ্রা এলাকায় পৌছতে গেলেই যানজটে পড়তে হচ্ছে তাদের। এতে অনেকটা সময় ব্যয় হয়ে যাচ্ছে। স্ত্রী সন্তানদের নিয়ে পোহাতে হচ্ছে ভোগান্তি।

গাজীপুর রিজয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম বলেন, গত দুদিন আগে থেকেই চন্দ্রা এলাকায় যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। যেহেতু উত্তরাঞ্চলে প্রবেশের প্রধান সড়ক এটি এ জন্যে চন্দ্রা বাসস্ট্যান্ডে যানবাহন ও যাত্রীদের চাপ বেশি। যেটুকু ধীরগতির আছে, এটা কমন সমস্যা। বাসগুলো স্টেশনে থেমে যাত্রী উঠাচ্ছে।

যাত্রীরা রাস্তার ওপর দাঁড়িয়ে আছে, যার কারণে কিছুটা জটলা রয়েছে। তবে আমাদের পুলিশ এসব স্থানে কাজ করছে। পূর্বের তুলনায় এ বছর ভোগান্তি অনেক কম হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...