শরীয়তপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আল বিধান মোহাম্মদ সানাউল্লাহর বিরুদ্ধে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকার গুরুতর অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তার কার্যালয়ে গিয়েও পাওয়া যায়নি। এতে বিভিন্ন প্রশাসনিক কাজ ও সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ করেছেন সেবাপ্রত্যাশীরা।
সংশ্লিষ্ট সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে প্রশাসনিক ও দাপ্তরিক কাজে অনেকেই আসেন। কিন্তু সকাল সাড়ে ১০টা বেজে গেলেও ওই কর্মকর্তা কর্মস্থলে উপস্থিত ছিলেন না। ফলে তার সঙ্গে সাক্ষাৎ এবং প্রয়োজনীয় কাগজপত্র স্বাক্ষর করার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় সেবাপ্রত্যাশীদের।
ক্ষোভ প্রকাশ করে কয়েকজন সেবাপ্রত্যাশী জানান, স্বাস্থ্য বিভাগের মতো একটি গুরুত্বপূর্ণ পদের কর্মকর্তা সময়মতো কর্মস্থলে না থাকায় জরুরি কাজ শেষ না করেই অনেককে ফেরত যেতে হচ্ছে। এতে সরকারি সেবা কার্যক্রমের প্রতি সাধারণ মানুষের চরম অসন্তোষ তৈরি হচ্ছে।
দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা জানান, উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদনের জন্য উক্ত কর্মকর্তার উপস্থিতি অপরিহার্য। তিনি অনুপস্থিত থাকলে দাপ্তরিক সব কাজে স্থবিরতা ও বিলম্বের সৃষ্টি হয়।
কর্মস্থলে নির্ধারিত সময়ে না থাকার বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল বিধান মোহাম্মদ সানাউল্লাহ বলেন, পারিবারিক কাজ থাকায় অফিসে আসতে দেরি হচ্ছে। তবে বিষয়টি সম্পর্কে অফিস কর্তৃপক্ষকে এখনো আনুষ্ঠানিকভাবে অবহিত করিনি।
বিষয়টি নিয়ে শরীয়তপুরের সিভিল সার্জন ডা. মো. রেহান উদ্দিন জানান, ঘটনাটি আমি জেনেছি। পুরো বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকার সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দায়িত্বশীল এই কর্মকর্তার যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করাসহ বিষয়টি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

