স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী জুন মাসের শেষ দিকে পাইলট প্রকল্পের আওতায় হেলথ কার্ড এবং কৃষিকার্ড বিতরণ শুরু করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ হাজার টাকা পর্যন্ত কৃষকদের কৃষিঋণ সুদসহ মওকুফ করে দিয়েছেন। এরই মধ্যে আমরা প্রতিটি ইউনিয়নের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিতসহ সম্মানি ভাতা প্রদান কাজ শুরু করেছি। সরকারের বিভিন্ন উন্নয়ন ও সেবামুলক কর্মকান্ডে কাউকে দশটি টাকাও ঘোষ দিবেন না, যদি কেউ কোন কাজে ঘোষ চাই তাহলে আমাকে জানাবেন।
বুধবার দুপুরে উপজেলা হররুমে নরসিংদীর বেলাবো উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষ্যে দুস্থ ও গরিব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, আমার নির্বাচনি এলাকা বেলাবো-মনোহরদীকে মাদক ও দুর্নীতি মুক্ত করবো। পর্যায়ক্রমে সারাদেশ হতে দুর্নীতি সন্ত্রাস ও মাদক নির্মূল করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেছেন, সবাইকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। দেশের স্বাধীনতা বিরোধী শক্তি ব্যতিত সবাইকে সরকারের এই সুযোগ-সুবিধার আওতায় আনা হবে।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর- উপলক্ষ্যে দুস্থ ও গরিব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা বাবদ বেলাবো উপজেলার আটটি ইউনিয়নে ২ হাজার টাকা করে ১৯৩ জনকে ৩ লক্ষ ৮৬ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব বিপ্লব, সহকারী কমিশনার ভূমি আজিজ সারতাজ জায়েদ, থানা অফিসার ইনচার্জ এস.এম আমান উল্লাহ, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দীন ভূঞা, উপজেলা যুবদলের আহবায়ক আক্তারুজ্জামানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

