কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।
তিনি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা ছাত্রদের সঙ্গে মতবিনিময়ের সময় বলেন, কটিয়াদী মডেল থানার ওসিসহ (তদন্ত) বেশ কয়েকজন পুলিশ সদস্য মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগেই মাদকসেবী ও ব্যবসায়ীদের সতর্ক করে দেন।
আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে তারা এ থানায় যোগদান করে এখনো বহালতবিয়তে আছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে তাদের অন্যত্র বদলির ব্যবস্থা করা হবে।
বুধবার সন্ধ্যায় ঢাকার সংসদ ভবন এলাকায় উপজেলার লোহাজুরী ইউনিয়নের ছাত্র ও যুবকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, এলাকায় মাদক ব্যবসার সঙ্গে কিছু স্থানীয় নেতা ও পুলিশ সদস্য জড়িত রয়েছেন। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সর্বশেষ সভায় তিনি কয়েকজন মাদক ব্যবসায়ীর নাম উল্লেখ করলেও এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কার্যকর কোনো অভিযান পরিচালিত হয়নি।
তিনি বলেন, এ অবস্থায় আমি নিজেই বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি। আশা করছি, দ্রুতই এসবের পরিবর্তন আসবে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিস্তার ঘটলেও দৃশ্যমান কোনো কঠোর ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

