গাজীপুরের টঙ্গীতে বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী কারিমা বেগমকে (৪১) আটক করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ। এসময় তার হেফাজত থেকে ৫০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাতে টঙ্গী পূর্ব থানা এলাকার হিমারদীঘি আমতলী কেরানীরটেক বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত কারিমা টঙ্গী কেরানীরটেক এলাকার মৃত কাদির মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, মাদক সম্রাজ্ঞী কারিমা হিমারদীঘি আমতলি কেরানিরটেক এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত কারিমার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর একাধিক মামলা ছাড়াও হত্যা চেষ্টা, চুরি, মারধর ও অন্যান্য অপরাধে মোট ছয়টি মামলা রয়েছে।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, টঙ্গীর মাদক সম্রাজ্ঞী কারিমাকে বৃহস্পতিবার রাতে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

