নরসিংদীর রায়পুরায় আগামী ৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রায়পুরা ম্যারাথন ২০২৬’। উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির উদ্যোগে চতুর্থবারের মতো আয়োজিত হতে যাওয়া এই ম্যারাথনে দেশ ও বিদেশের প্রায় ১ হাজার দৌড়বিদ বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেবেন।
এ বছর আয়োজকেরা একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন; ম্যারাথনের রেজিস্ট্রেশন ফির একটি অংশ এতিম শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার সহায়তায় ব্যয় করা হবে।
মঙ্গলবার দুপুরে রায়পুরা উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব তথ্য জানান রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা এবং রায়পুরা রানার্স কমিউনিটির রেস ডিরেক্টর সবুজ শিকদার।
উক্ত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।
আয়োজকেরা জানান, এবারের ম্যারাথনে মোট চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক্যাটাগরিগুলো হলো—৪২ কিলোমিটার ফুল ম্যারাথন, ২১ কিলোমিটার হাফ রেস, ১০ কিলোমিটার রেস এবং ১ কিলোমিটার ফ্যামিলি রেস। ফ্যামিলি রেস ক্যাটাগরিতে শিশু ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করতে পারবেন।
রায়পুরা রানার্স কমিউনিটির রেস ডিরেক্টর সবুজ শিকদার বলেন, প্রতি বছরই এই ম্যারাথনে অংশগ্রহণকারীর সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। ক্রীড়াচর্চার সঙ্গে মানবিক কল্যাণকে যুক্ত করাই আমাদের এবারের আয়োজনের প্রধান লক্ষ্য। এ বছর ম্যারাথনের ‘চ্যারিটি পার্টনার’ হিসেবে রয়েছে ‘অরফান লাভ ফাউন্ডেশন’। রেজিস্ট্রেশন ফি থেকে সংগৃহীত অর্থের একটি অংশ এতিম শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষায় ব্যয় করা হবে।
২০২৩ সালে মাত্র ৪০০ জন রানার নিয়ে ‘রায়পুরা হাফ ম্যারাথন’-এর যাত্রা শুরু হয়েছিল। পর্যায়ক্রমে ২০২৪ সালে ৭০০ জন এবং ২০২৫ সালে অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮০০-এর বেশিতে। এরই ধারাবাহিকতায় এবার অংশগ্রহণকারীর সংখ্যা অতীতের সব রেকর্ড অতিক্রম করবে বলে আশা করছেন আয়োজকেরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

